ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন তথ্যমন্ত্রী হিসেবে, কারও আত্মীয় হিসেবে নয়। একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্ন করার ক্ষেত্রে পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে এক সাংবাদিক মন্ত্রীকে তার আত্মীয় হিসেবেও উল্লেখ করেন। প্রশ্নের একপর্যায়ে সাংবাদিক জানতে চান, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে হাদির হত্যাকাণ্ডে জড়িতদেরও ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না এবং কবে নাগাদ শেখ হাসিনাকে দেশে ফেরত পাওয়া যেতে পারে।
জবাবে পার্থ বলেন, ‘আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারও আত্মীয় হিসেবে নয়। আশা করি আরও প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।’
এরপর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন- এটি সরকার জানে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে জানানো হয়েছে।
পার্থ আরও বলেন, তার জানা মতে, ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে।
এ বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি যদি আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি শেখ হাসিনার জন্য খুব একটা সুখবর হবে না।
তথ্যমন্ত্রী বলেন, শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশের যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন, সরকার তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে চায়।
তিনি বলেন, বিদেশে অবস্থানরত মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই সরকারের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের ধরন নিয়েও মন্তব্য করেন পার্থ। তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে সাংবাদিকদের আরও পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। এ বিষয়ে ভারত সরকারের পরবর্তী পদক্ষেপ এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার দিকে নজর রাখছে বাংলাদেশ সরকার।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।