
নোয়াখালীতে প্রথম কমিউনিটি কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, কমিউনিটি পুলিশ নোয়াখালীর সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক এটিএম ফিরোজ আলম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার মোট ৯টি দল অংশ নেয়।
পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় কোম্পানীগঞ্জ থানা ও চাটখিল থানা দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে কোম্পানীগঞ্জ থানা দল ৩৯-২৫ পয়েন্টে চাটখিল থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে নারী বিভাগের ফাইনালে নোয়াখালী পৌরসভা দল ৫৯-৫৪ পয়েন্টে নোয়াখালী সদর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলাকে ঘিরে শহীদ ভুলু স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এ সময় “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়ে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।