সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় দোয়া, মোনাজাত ও দরিদ্র-অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণের আয়োজন করেছে বিএনপি।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর মহাখালীর কড়াইল এলাকার টিঅ্যান্ডটি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে, একই দিন বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব কর্মসূচির তথ্য জানান।
দলীয় সূত্রে জানা যায়, জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের মানুষের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করা হবে। একই সঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে অনুদান বিতরণ করা হবে।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন এবং তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও ইতিহাসে স্থান করে নেন।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।