লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের প্রত্যাশা সরকারের কাছে পৌঁছে যায়। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন এবং সাংবাদিকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে আমি আন্তরিক।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, “প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও জনস্বার্থে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।”
সভাপতির বক্তব্যে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুর বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজ উন্নয়নের অন্যতম ভিত্তি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে আসছে। প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করতে উন্নতমানের ফার্নিচার, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় অফিস সরঞ্জাম প্রদানে মাননীয় মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় পর্বে সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, পেশাগত সুযোগ-সুবিধা এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত তুলে ধরেন। জবাবে পানিসম্পদ মন্ত্রী বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জোনায়েদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুস শহীদ, ডা. শহীদুল্লাহ স্বপ্ননসহ অন্যান্য অতিথিরা।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।