নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২৩টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের হলরুমে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভার ১৫টি এবং সদর উপজেলার ৮টি পূজামণ্ডপের জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হয়। পূজার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করা এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শেখ ছাদেক, জেলা বিএনপির নেতা আবদুর করিম মুক্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহমর্মিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আর্থিক সহায়তা পেয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা মনে করেন, ধর্মীয় উৎসব উদযাপনে এ ধরনের সহযোগিতা পূজার আয়োজনকে সহজ করার পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।