নরসিংদীতে বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে দিনব্যাপী জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এ জব ফেয়ারের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. সামসুজ্জামান, নরসিংদী তাঁত বোর্ডের লিয়াজোঁ অফিসার জাকিয়া সুলতানা, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাপ মঞ্জুর ও মনজুরুল মোর্শেদ চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক আবুল কাসেম পাটওয়ারী, জেলা বিএনপির ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহম্মদ মোল্লা, উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমুজ মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতীদলের সভাপতি ডা. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. বাদল মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
দক্ষ মানবসম্পদ তৈরিই জব ফেয়ারের লক্ষ্য
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শিরিন সুলতানা বলেন, দেশের ক্রমবর্ধমান টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য দক্ষ ও মেধাবী মানবসম্পদ তৈরি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ও সদ্য স্নাতক তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ জব ফেয়ারের অন্যতম প্রধান উদ্দেশ্য।
তিনি বলেন, দিনব্যাপী আয়োজিত এ জব ফেয়ারে দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের বিভিন্ন স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা এবং নিয়োগকর্তারা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত এবং চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা এতে অংশ নেন।
জব ফেয়ারে অংশগ্রহণকারী বিভিন্ন নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন পদে প্রয়োজনীয় জনবলের চাহিদা তুলে ধরেন। একই সঙ্গে যোগ্য প্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ, প্রাথমিক বাছাই, সাক্ষাৎকার ও নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন।
এর ফলে চাকরিপ্রার্থীরা একই প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠানের নিয়োগদাতা প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ পান।
কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ তাঁত বোর্ড দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বস্ত্রখাত গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
জব ফেয়ার সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
তাঁত বোর্ড নিয়ে তাঁতীদল কেন্দ্রীয় আহ্বায়কের বক্তব্য
অনুষ্ঠানে কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ তাঁত বোর্ডে অনিয়ম ও লুটপাটের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, তাঁত বোর্ডকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত করতে হবে এবং এ খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচি
জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নরসিংদী তাঁত বোর্ডের আওতাধীন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।