
নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল (বালিকা) প্রতিযোগিতা-২০২৬ ও মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ওবায়দুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দিনব্যাপী নোয়াখালী সদর উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস, নোয়াখালী।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ অর্থবছরের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ। তিনি বলেন, হ্যান্ডবল অলিম্পিকের অন্যতম একটি খেলা। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার চর্চা অব্যাহত রেখে ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।
প্রতিযোগিতায় আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্সআপ এবং ওবায়দুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি জানান, এ প্রতিযোগিতা থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে জেলা দল গঠন করে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে বিভাগীয় দল গঠনের মাধ্যমে খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশ নেওয়া ৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। পরে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।