নোয়াখালীর কোম্পানীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আবুল বাশার মেম্বার প্রকাশ বাদশা (৫৫) রয়েছেন।
সোমবার উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী এলাকার চাপরাশিহাট পূর্ব বাজারে আবুল বাশার মেম্বারের দধির দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন, কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের চরগোল্লাখালী এলাকার মেহেদী হাসান (২০) এবং কোম্পানীগঞ্জ উপজেলার চরকালী এলাকার নূর উদ্দিন প্রকাশ সুজন (২২)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, আবুল বাশার মেম্বারের দেহ তল্লাশি করে ৩৫ পিস এবং মেহেদী হাসানের দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে নূর উদ্দিনের কাছ থেকে কোনো মাদক উদ্ধারের তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।