নোয়াখালী জেলার চিকিৎসা অঙ্গনের দুই স্বনামধন্য চিকিৎসক ডা. মোহাম্মদ নুরুল আলম চৌধুরী লিটন ও ডা. মো. মুজিবুল হকের মৃত্যুতে শোকাহত সহকর্মী ও জেলার সর্বস্তরের মানুষ। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত এই দুই চিকিৎসকের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁদের সহকর্মী ও বিভিন্ন অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাঁদের স্মরণে বুধবার (২৬ আগস্ট) দুপুরে জেলা শহর মাইজদীর ম্যাটসের হলরুমে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নোয়াখালী জেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব নোয়াখালী জেলা শাখার সভাপতি ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি ডা. মো. শফিউল্লাহ ঝিন্টু, নোয়াখালী ড্যাবের সিনিয়র সহসভাপতি ডা. মো. শহিদুল্লাহ এবং কোষাধ্যক্ষ ডা. মাসুম আক্তার। এ ছাড়া ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলার রাজনৈতিক মহলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা প্রয়াত ডা. মোহাম্মদ নুরুল আলম চৌধুরী লিটন ও ডা. মো. মুজিবুল হকের কর্মময় জীবন, মানবিক মূল্যবোধ ও চিকিৎসাসেবায় তাঁদের অবদানের কথা স্মরণ করেন।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তাদের অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও মানুষের প্রতি দায়িত্বশীলতার কারণে এই দুই চিকিৎসক সহকর্মী ও সাধারণ মানুষের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন।
বক্তারা তাঁদের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁদের আদর্শ অনুসরণ করে একটি মানবিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে প্রয়াত দুই চিকিৎসকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।