আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ প্রায় ৩০ বছর পর আবারও নিলামে উঠতে যাচ্ছে। গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানের নকশা করা কালো, শরীর-ঘেঁষা এই সান্ধ্য পোশাকটি সর্বোচ্চ ৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করছে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’স। নিলামের আগে পোশাকটি লন্ডন, হংকং ও জেনেভায় প্রদর্শন করা হবে। আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে এর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৯৪ সালের ২৯ জুন লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির একটি অনুষ্ঠানে পোশাকটি পরেছিলেন ডায়ানা। ঘটনাটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ একই দিনে তাঁর তৎকালীন স্বামী এবং বর্তমান রাজা তৃতীয় চার্লস একটি তথ্যচিত্রে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়েছিল।
সেই রাতে কাঁধখোলা কালো সিল্কের পোশাকের সঙ্গে কালো হিল, ক্লাচ, গাঢ় লাল নখ ও একটি রত্নখচিত চোকার পরে হাজির হন ডায়ানা। এরপর পোশাকটি ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিতি পায়।
[caption id="attachment_1808" align="alignnone" width="240"]
প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’[/caption]
সোথবি’স-এর মতে, সে সময় রাজপরিবারের সদস্যদের জন্য কালো পোশাক মূলত শোকের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু ডায়ানার এই পোশাক সেই প্রচলিত ধারণাকে অনেকটাই বদলে দেয়। ডিজাইনার স্টাম্বোলিয়ান ২০১৩ সালের এক তথ্যচিত্রে জানান, পোশাকটি প্রায় তিন বছর ডায়ানার আলমারিতে পড়ে ছিল। বেশি সাহসী হয়ে যাবে—এই আশঙ্কায় তিনি আগে এটি পরেননি। পরে সেই পোশাকই পপ সংস্কৃতির অন্যতম স্মরণীয় ফ্যাশন মুহূর্তে পরিণত হয় এবং বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, সামাজিক যোগাযোগমাধ্যম ও নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ সিরিজেও এর উল্লেখ দেখা যায়।
সাম্প্রতিক সময়ে ডায়ানার পোশাকের নিলামমূল্যও বেশ চমকপ্রদ হয়েছে। ২০২৩ সালে তাঁর তুলনামূলক কম পরিচিত একটি পোশাক ৬ লাখ ৪ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়। একই বছর তাঁর বিখ্যাত ‘ব্ল্যাক শিপ’ সোয়েটার বিক্রি হয় ১১ লাখ ডলারের বেশি দামে। ফলে ‘রিভেঞ্জ ড্রেস’-এর সম্ভাব্য ৩ লাখ ডলারের মূল্য নিলামে ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। পোশাকটির সঙ্গে ১৯৯৭ সালের মূল নিলাম ক্যাটালগের একটি দুর্লভ কপিও বিক্রি হবে।
সোথবি’স জানিয়েছে, ১৯৯৭ সালের জুনে ডায়ানা স্তন ক্যানসার ও এইডস নিয়ে কাজ করা দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতে তাঁর ৭৯টি পোশাক নিলামে তুলেছিলেন। সেই সময় ‘রিভেঞ্জ ড্রেস’টিও বিক্রি হয়। এরপর এটি স্কটল্যান্ডের বিভিন্ন দাতব্য অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে। এবার ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর লন্ডনে পোশাকটি প্রদর্শন করা হবে। পরে ১ থেকে ১৫ অক্টোবর হংকং, ৬ থেকে ১১ নভেম্বর জেনেভা এবং ২ ডিসেম্বর থেকে নিউইয়র্কে প্রদর্শিত হবে। নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ স্বাস্থ্যসেবা দাতব্য সংস্থা এনএইচএস লোথিয়ান চ্যারিটিকে দেওয়া হবে।
তথ্যসূত্র: সিএনএন
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।