কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে নতুন একটি স্বতন্ত্র অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর এই অ্যাপের মাধ্যমে ক্রিয়েটররা তাদের ভিডিও ও পোস্টের দর্শক বাড়ানোর পাশাপাশি অনুসারীদের সঙ্গে আরও সহজে যোগাযোগ করতে পারবেন।
কিছুদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর অ্যাপটি আইওএস ব্যবহারকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররাই অ্যাপটি ব্যবহার করতে পারছেন।
এআই দেবে ব্যক্তিগত পরামর্শ
নতুন অ্যাপটিতে ফেসবুকের নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’ যুক্ত করা হয়েছে। ক্রিয়েটরের কাজের ধরন, লক্ষ্য এবং দর্শকদের পছন্দ বিশ্লেষণ করে এটি বিভিন্ন পরামর্শ দেবে।
আগে একটি পেজের পারফরম্যান্স বুঝতে ক্রিয়েটরদের বিভিন্ন ধরনের চার্ট ও পরিসংখ্যান বিশ্লেষণ করতে হতো। নতুন অ্যাপে সেই প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিয়েটররা সরাসরি এআইকে প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
যেমন- কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাওয়া যেতে পারে, কোনো পোস্টে দর্শকদের প্রতিক্রিয়া কেমন কিংবা কোন ধরনের কনটেন্ট ভালো পারফর্ম করছে- এসব বিষয়ে এআই সহায়তা দিতে পারবে।
কমেন্টের উত্তরও তৈরি করে দেবে এআই
অ্যাপটির অন্যতম উল্লেখযোগ্য সুবিধা হলো এআই কমেন্ট টুল। এটি একটি পেজের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো শনাক্ত করতে পারবে এবং ক্রিয়েটরের নিজস্ব কথাবলার ধরন অনুসরণ করে সম্ভাব্য উত্তরের খসড়া তৈরি করবে।
তবে চূড়ান্ত উত্তর প্রকাশের আগে ক্রিয়েটর সেটি নিজের মতো করে সম্পাদনা করতে পারবেন। ফলে দর্শকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সময় ও শ্রম দুটোই কমবে বলে মনে করছে মেটা।
প্রতিদিনের কাজের তালিকাও থাকবে
ক্রিয়েটরদের দৈনন্দিন কাজ আরও সংগঠিত করতে অ্যাপটিতে একটি বিশেষ ড্যাশবোর্ড রাখা হয়েছে। প্রতিদিন অ্যাপটিতে প্রবেশ করলে সেখানে গুরুত্বপূর্ণ কাজ ও করণীয়গুলোর তালিকা দেখা যাবে।
কোন পোস্ট কেমন পারফর্ম করছে, নির্ধারিত লক্ষ্যের দিকে কতটা অগ্রগতি হয়েছে এবং কোন কোন কমেন্টের উত্তর দেওয়া প্রয়োজন- এসব তথ্য এক জায়গায় সাজানো থাকবে।
টিকটক-ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় মেটা
বিশ্লেষকদের মতে, ক্রিয়েটরদের জন্য আলাদা এআইভিত্তিক অ্যাপ চালুর মাধ্যমে মেটা ফেসবুকের কনটেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে চাইছে। বিশেষ করে টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় ক্রিয়েটরদের ধরে রাখা এখন মেটার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।
একই সঙ্গে কনটেন্টের ধারণা, পারফরম্যান্স বিশ্লেষণ কিংবা দর্শকদের আচরণ বোঝার জন্য ক্রিয়েটররা যাতে বাইরের এআই টুলের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হন, সেই দিকটিও বিবেচনায় রয়েছে।
সম্প্রতি মেটা বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন অ্যাপ ও সেবা নিয়ে কাজ করছে। এর মধ্যে ফেসবুক গ্রুপকেন্দ্রিক ‘ফোরাম’, বন্ধুদের সঙ্গে ছবি শেয়ারের ‘ইনস্ট্যান্টস’, গেমিং অ্যাপ ‘পকেট’ এবং শিশুদের জন্য এআইনির্ভর গল্প তৈরির অ্যাপ ‘স্টোরিকিট’-এর মতো উদ্যোগও রয়েছে।
‘ক্রিয়েটর স্টুডিও’ চালুর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের এআইভিত্তিক সহায়তা আরও বিস্তৃত হলো। ভবিষ্যতে অ্যাপটি আরও বেশি দেশ ও প্ল্যাটফর্মে চালু করা হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।