
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির তাঁতী বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ইসলাম খান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।
বর্ষীয়ান ও ত্যাগী এই রাজনৈতিক নেতার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।
বিজ্ঞপ্তিতে আবুল কালাম আজাদ বলেন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ইসলাম খান দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল থেকে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তাঁতী দলের নেতা-কর্মীদের কাছে একজন ত্যাগী, অভিজ্ঞ ও অভিভাবকতুল্য রাজনৈতিক ব্যক্তিত্ব।
হুমায়ূন ইসলাম খানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সারাদেশের সব সাংগঠনিক ইউনিটকে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার আহ্বান জানানো হয়েছে।
এ জন্য তাঁতী দলের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়নসহ সব ইউনিটের নেতা-কর্মী ও দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করার জন্য নির্দেশক্রমে আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে তাঁতী দলের সর্বস্তরের নেতা-কর্মী ও ধর্মপ্রাণ সাধারণ মানুষকে এই দোয়া ও প্রার্থনা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, দেশবাসীর সম্মিলিত দোয়া ও প্রার্থনায় বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ইসলাম খান দ্রুত সুস্থ হয়ে আবারও নেতা-কর্মীদের মাঝে ফিরে আসবেন- এটাই সবার প্রত্যাশা।
তিনি বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন ইসলাম খানের আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।