প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন যুক্ত হচ্ছেন বলে আভাস পাওয়া গেছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ অনুষ্ঠিত হতে পারে।
সূত্রের তথ্য অনুযায়ী, নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
তাদের মধ্যে ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী পূর্ণমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে সূত্র জানিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ-সংশ্লিষ্ট সূত্রের দাবি, মন্ত্রিসভায় সম্প্রসারণের পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তনও আসতে পারে। বিশেষ করে বিমান, খাদ্য, কৃষি ও তথ্য মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনা রয়েছে।
এদিকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ইতোমধ্যে সরকারি যানবাহন প্রস্তুত রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় তিন থেকে পাঁচটি পতাকাবাহী গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। গাড়িগুলোর সঙ্গে নির্ধারিত চালকসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নতুন সদস্যদের জন্য গাড়ি, শপথের ফোল্ডার, আমন্ত্রণপত্রসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ হতে পারে।
সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মকর্তারাও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে কয়েকটি গাড়ি প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব এবং মন্ত্রণালয় বণ্টনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি চূড়ান্ত নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার অধীনে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টিও আলোচনায় রয়েছে। ফলে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন মুখ আসতে পারে।
একই সঙ্গে মন্ত্রিসভার আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সব মিলিয়ে মন্ত্রিসভায় সম্প্রসারণ ও রদবদল মিলিয়ে ছয় থেকে সাতটি পদে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কার কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শপথ ও সরকারি প্রজ্ঞাপন জারির পরই স্পষ্ট হবে।
উল্লেখ্য, মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি ও দায়িত্ব পুনর্বণ্টন সরকারের প্রশাসনিক কার্যক্রমে নতুন সমন্বয় তৈরি করতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন এলে সরকারের নীতিগত অগ্রাধিকার ও প্রশাসনিক কর্মকৌশলেও এর প্রভাব পড়তে পারে।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।