রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, আজ সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার মনোনয়নপত্রগুলো পরীক্ষা করবেন। বাছাইয়ের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তা চলবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা। এরপর আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।
১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর গত ৬ আগস্ট রাষ্ট্রপতির শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।