রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, কিছুক্ষণের মধ্যেই মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।
দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে রাষ্ট্রপতি পদে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরবর্তী সময়ে ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে তিনি আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। বিশেষ করে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অবস্থানের সময় দলীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করেন মির্জা ফখরুল। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের নেতৃত্ব দেওয়ার কারণে বিএনপির ভেতরে ও বাইরে তিনি একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পান।
এমপি থেকে মন্ত্রী, এবার রাষ্ট্রপতি পদে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান তিনি।
এর কয়েক মাসের মধ্যেই এবার রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে দীর্ঘদিনের দলীয় নেতৃত্বের অধ্যায়েরও সমাপ্তি ঘটবে তাঁর। সে কারণে বিএনপির মহাসচিব পদে তাঁর উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়েও নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর নির্বাচন
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বঙ্গভবনের পথে মির্জা ফখরুল?
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে নির্বাচনের সমীকরণ অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। এখন মূল অপেক্ষা মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকার।
রাজনৈতিক অঙ্গনে এখন তাই একটাই প্রশ্ন- দীর্ঘ ১৫ বছরের বেশি সময় বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরই কি এবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে উঠছেন?
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।