আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য ও আগ্রহী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নিজেদের অবস্থান জানান দেওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে দলীয় শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণেও তৎপর রয়েছেন তাঁরা।
এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৫ নম্বর হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক মো. আব্দুস সহিদ পাটোয়ারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় নেতাকর্মী ও তাঁর সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন আব্দুস সহিদ পাটোয়ারী। তাঁর কাছে রাজনীতি শুধু পদ-পদবির বিষয় নয়; মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতা করা এবং এলাকার উন্নয়ন ও শান্তির জন্য কাজ করাই তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম লক্ষ্য।
ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন সিটি ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরিজীবনের ব্যস্ততার মধ্যেও এলাকার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও সম্পর্ক বজায় ছিল বলে স্থানীয়রা জানান। চাকরিজীবন শেষে তিনি পুনরায় সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যুক্ত হন।
পরবর্তীতে হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন আব্দুস সহিদ পাটোয়ারী। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি তৃণমূল পর্যায়ে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন বলে তাঁর সমর্থকদের দাবি।
রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বন্যা, করোনা মহামারিসহ বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময়ে তিনি ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এলাকায় মাদক, চুরি-ডাকাতি ও বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও তিনি কাজ করে আসছেন বলে স্থানীয়রা জানান। খেলাধুলা, সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন আয়োজনে তাঁর সহযোগিতা ও উপস্থিতিও রয়েছে।
বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকেও তিনি দায়িত্ব পালন করে আসছেন বলে সংশ্লিষ্টরা জানান। পাশাপাশি এলাকায় পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিরোধ মীমাংসায়ও তাঁর ভূমিকা রয়েছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
ব্যক্তিজীবনে সৎ, নীতিবান, বিনয়ী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে আব্দুস সহিদ পাটোয়ারীকে উল্লেখ করেন তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে চলাফেরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ তাঁকে ইউনিয়নবাসীর কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে বলে তাঁদের দাবি।
দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আব্দুস সহিদ পাটোয়ারী দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থেকে দল, নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য কাজ করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনকে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।
তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন এবং স্থানীয় ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী নির্বাচনে হাজিরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সম্পাদক: ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ
© ২০১৬–২০২৬ ক্রাইম প্রতিদিন। সর্বস্বত্ব সংরক্ষিত।