চন্দ্রগঞ্জে প্রস্তুত ১৫টি পূজামণ্ডপ, নেই নিরাপত্তা সংকট
- আপডেট সময় ০৬:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ২৫৬৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৫টি পূজামণ্ডপে এবার দুর্গোৎসব উদযাপিত হবে। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া এ উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহ।
পূজামণ্ডপ নির্মাণ, সাজসজ্জা ও আনুষঙ্গিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমীন নিপা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চন্দ্রগঞ্জ থানা পুলিশও নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি গ্রহণ করেছে। পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন নিজস্ব স্বেচ্ছাসেবকেরা।
শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি শ্রী সমীর কর্মকার।
তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।” এ সময় তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের প্রতি শারদীয় শুভেচ্ছা জানান।
সমীর কর্মকার বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে এবং অন্য সব ধর্মের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে পূজার কার্যক্রম পরিচালনা করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তাঁরা সন্তুষ্ট বলে জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সার্বিক দিকনির্দেশনায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ফলে আগের যেকোনো সময়ের তুলনায় আরও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা করছেন তাঁরা।
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সমন্বিত প্রস্তুতির মধ্য দিয়ে চন্দ্রগঞ্জে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রিন্ট













