নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় নোয়াখালী বিআরডিবি ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি আবদুল মোতালেব আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি নবনির্বাচিত পরিষদের সদস্যদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
এ সময় অতিথিরা নবনির্বাচিত পরিষদের সদস্যদের অভিনন্দন জানান। পাশাপাশি ব্যবসায়ী সমাজের কল্যাণে কাজ করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ফিরুজ আলম মতিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর বণিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা।
শপথ ও দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত পরিষদ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করে। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।