পল্লবীতে প্রাইভেট কার থেকে গুলি, বিএনপি নেতাসহ আহত ২
- আপডেট সময় ১১:৫১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ২৫২৩ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতাসহ দুজন আহত হয়েছেন। গুরুতর আহত বিএনপি নেতা মো. আলমগীরকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপরজন পথচারী এক নারী।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বর সেকশনের রোড-২, ব্লক-বি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে বসে ছিলেন আলমগীর। এ সময় একটি প্রাইভেট কারে করে কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে হামলাকারীরা দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিতে আলমগীরের মাথা ও পিঠে তিনটি গুলি লাগে। একই ঘটনায় জোসনা (৬৫) নামে এক পথচারী নারীর পায়েও গুলি লাগে। তিনি মিরপুর-১১ নম্বর বি ব্লকের বাসিন্দা। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত আলমগীর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তিনি গণমাধ্যমকে জানান, প্রাইভেট কার থেকে চার ব্যক্তি নেমে তাকে লক্ষ্য করে গুলি চালান। হামলাকারীদের মধ্যে দুজনকে তিনি চিনতে পেরেছেন বলে দাবি করেন। তাদের একজন যুবলীগের রুবেল এবং অপরজন বাপ্পী বলে উল্লেখ করেন তিনি। তবে হামলার কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন বলে জানান।
আলমগীর জানান, পুরান ঢাকার সোয়ারীঘাটে তার ভাইয়ের সঙ্গে মাছের আড়তের ব্যবসা রয়েছে। তাদের বাড়ি নবাবগঞ্জ রোড এলাকায়। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ–নবাবগঞ্জ রোড এলাকার ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তবে বর্তমানে তিনি সপরিবারে মিরপুর-১১ নম্বর বি ব্লকে বসবাস করেন।
পল্লবী থানার এসআই জনি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, স্থানীয় সন্ত্রাসী রুবেল ওরফে ল্যাংড়া রুবেল আলমগীরকে লক্ষ্য করে গুলি চালালে তিনি ও একজন পথচারী আহত হন। হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রিন্ট



















