সংসদে এক কথা, রাজপথে আরেক কথা- এটাই তাদের চরিত্র: পানিসম্পদমন্ত্রী এ্যানি
- আপডেট সময় ০৮:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫৬৫ বার পড়া হয়েছে
লং মার্চ জনগণ গ্রহণ করেনি, তাদের বক্তব্যও জনগণ পছন্দ করেনি- এমন মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘সংসদে এক কথা, আর রাজপথে আরেক কথা- এটাই তাদের রাজনৈতিক চরিত্র।’
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর আমির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজের অভিযোগে সিফাত সরকারের বিচার দাবি করেছিলেন। অথচ এখন আবার লং মার্চ করে সেই ব্যক্তির মুক্তির দাবি করা হচ্ছে। একই বিষয়ে এমন পরস্পরবিরোধী অবস্থান রাজনৈতিক দ্বিমুখিতার প্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
‘২৪-এর গণঅভ্যুত্থানে সবাই মিলে আন্দোলন করেছি’
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমরা সবাই মিলে আন্দোলন করেছি। আমাদের লক্ষ্য ছিল একটাই- ফ্যাসিবাদী শেখ হাসিনার পদত্যাগ।’
তিনি বলেন, ‘জামায়াত, শিবির- আবার এখন এনসিপি। ঘুরেফিরে একই শক্তি ভিন্ন নামে সামনে আসছে।’
রাজনৈতিক মঞ্চে নাম ও পরিচয় পরিবর্তন হলেও তাদের রাজনৈতিক অবস্থানের মধ্যে ধারাবাহিকতা রয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি
আলোচনা সভায় জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাছিবুর রহমান হাছিব, জেলা বিএনপি নেতা ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বক্তব্য দেন।
এ ছাড়া সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহি উদ্দিন বিটু, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ স্কুল মাঠ থেকে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিভিন্ন স্লোগানে মুখরিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট

















