৭ নভেম্বর উপলক্ষে নোয়াখালীতে বিএনপির শোডাউন, নেতৃত্বে মোহাম্মদ শাহজাহান
- আপডেট সময় ০৭:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২৫০৯ বার পড়া হয়েছে
নোয়াখালীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় মাইজদী শহীদ মিনার সংলগ্ন বিজয় মঞ্চে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, গোলাম হায়দার বিএসসি, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে বিজয় মঞ্চের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মফিজ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রিন্ট









