বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় ১০:৩১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৮৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নিয়োগ এবং বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক বৈঠকে এই বিষয়গুলো আলোচিত হয়। ঢাকায় সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি এই বৈঠকে অংশ নেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, আলোচনা অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, “বৈঠকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের ওপর আস্থা ব্যক্ত করেছে সৌদি সরকার। দেশটি বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহী। ফিশারিজ, ফুড, এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে সৌদি সরকার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।”
বিনিয়োগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা আশা করি, সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে বিনিয়োগ নিয়ে। সেখানে আমাদের বিডার চেয়ারম্যানসহ অনেকে অংশ নেবেন। বাংলাদেশে একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং শিগগরিই হবে; এ বছরই হবে। এই যোগাযোগ চলমান থাকবে। এই সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল।”
শ্রমিক নিয়োগ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে তারা (সৌদি সরকার) আগ্রহ প্রকাশ করেছে, সেটা নিয়ে বৈঠকে কথা হয়েছে।”
ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রতিমন্ত্রী জানান, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যেন সৌদি ও বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত অবস্থায় যায়, তারা তা ব্যক্ত করেছেন।
দুই দেশের শীর্ষ নেতৃত্বের সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, “সৌদি ক্রাউন প্রিন্স এরই মধ্যে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি।”
প্রধানমন্ত্রীর সৌদি সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেটা তো আগ্রহ আছে যাওয়ার। একটা সুবিধাজনক সময়ে দুই দেশের আলোচনার ভীত্তিতে সফর হবে।”
সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের পাসপোর্ট সমস্যা নিয়ে প্রতিমন্ত্রী জানান, এই সমস্যাটি সব দেশের ক্ষেত্রেই বিদ্যমান। তিনি বলেন, “পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো কিন্তু সব দেশেই একই ধরনের সমস্যা আছে আমাদের। সেই সমস্যাগুলো এখানে বিবেচ্য বিষয় বা আলোচনার বিষয় খুব একটা ছিল না। সেই সমস্যাগুলো আমাদের জেদ্দা ও রিয়াদের বাংলাদেশের মিশন এরই মধ্যে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সেই সমস্যাগুলো সমাধানে কাজ করছে।”
সৌদি আরবের বহুমুখী সহযোগিতার আগ্রহের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, “ওনারা বারবারই একই কথা বলেছেন যে, আমরা শুধু একটা সেক্টরে থাকতে চাই না, আমরা অনেক সেক্টরে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব কাজ করতে চাই। সেই জায়গাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্যই ওনারা এসেছেন।”
প্রিন্ট




















