হতাশ হয়ে মাথা গরম না করে জনগণের দাবি মেনে নেওয়া উচিত : জামায়াত আমির
- আপডেট সময় ১১:৪১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫০৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী লং মার্চ সফল হওয়ার পর অনেকের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। গত দুই দিনে রাজধানীতে এর কিছু লক্ষণও দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, হতাশ হয়ে মাথা গরম না করে জনগণের দাবি মেনে নেওয়ার চেষ্টা করা উচিত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘আজকে আমাদের দ্বিতীয় দফার লং মার্চ। প্রথম দফা ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর মেহেরবানীতে সফলভাবে এতে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুই দিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরঞ্চ জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন। আজকে আট দফা, মনে রাখবেন, এটা নয় দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।’
দাবিগুলো এক দফায় রূপ নিলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমরা বলি, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন।’
দাবি মেনে না নিলে কোনো ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করে আন্দোলন থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, কোনো চক্রান্ত-ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। আমরা কোনো কিছুকেই পরোয়া করব না। কারণ আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি।’
১১ দলীয় জোটের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের সমর্থন রয়েছে বলেও দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আজকে ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’
আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমরা জনগণকে কথা দিচ্ছি, এ লড়াই শুরু হয়েছে। দাবি আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’
প্রিন্ট



















