‘অটবি’তে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখা যাবে মধুমিতাকে
- আপডেট সময় ১১:৩৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫০৮ বার পড়া হয়েছে
বিনোদন রিপোর্টার : দীর্ঘ ক্যারিয়ারের চেনা ছক ভেঙে নিজেকে নতুন রূপে পর্দায় হাজির করার আভাস দিলেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। গতানুগতিক ধারার বাইরে গিয়ে চরিত্রনির্ভর ও বৈচিত্র্যময় অভিনয়েই এখন নিজের পূর্ণ মনোযোগ দিচ্ছেন তিনি। মনস্তাত্ত্বিক জটিলতা ও ভিন্ন ঘরানার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অটবি’তে সম্পূর্ণ ব্যতিক্রমী এক চরিত্রে দেখা যাবে এই তারকাকে।
নতুন ছবির অভিজ্ঞতা ও চরিত্র নির্বাচন নিয়ে মধুমিতা জানান, এতদিন দর্শক তাঁকে যে ধরণের রূপ কিংবা চরিত্রে দেখে এসেছেন, ‘অটবি’তে তার কোনো ছাপ থাকবে না। চরিত্রটির মানসিক গভীরতা ও মনস্তাত্ত্বিক দিকগুলোই তাকে কাজটি করতে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। একজন পরিচালক যে তাকে এমন জটিল এক চরিত্রে ভাবতে পেরেছেন, একজন শিল্পী হিসেবে সেটিকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি। তাঁর মতে, কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে না রেখে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ নেওয়াটাই আসল।
পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ভাবনায়ও এসেছে বড় পরিবর্তন। আগে একটানা কাজের পেছনে সময় ছুটে চললেও, এখন কাজ নির্বাচনে সতর্ক হওয়ার পাশাপাশি পরিবার ও নিজের জীবনকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। মা-বাবাই তার জীবনের মূল কেন্দ্রবিন্দু উল্লেখ করে মধুমিতা বলেন, কেবল পেশাগত সাফল্যই জীবনের সব নয়; বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে প্রিয়জনদের সময় দেওয়ার গুরুত্ব তিনি উপলব্ধি করতে পেরেছেন।
‘অটবি’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে চরিত্রের শারীরিক ও মানসিক অভিব্যক্তির সঠিক ভারসাম্য বজায় রাখাটাই ছিল মধুমিতার জন্য মূল চ্যালেঞ্জ। স্ক্রিনে ভিন্নধর্মী দৃষ্টি ও ভাব প্রকাশ করতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। প্রায় ১৭-১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসাই তার সেরা প্রাপ্তি বলে মনে করেন এই অভিনেত্রী। একইসঙ্গে নিজের ভুলত্রুটি নিয়ে দর্শকদের গঠনমূলক সমালোচনাকেও ইতিবাচকভাবে গ্রহণ করতে প্রস্তুত তিনি।
প্রিন্ট

























