যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়ম: আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
- আপডেট সময় ০২:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫১৬ বার পড়া হয়েছে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম এবং একটি কথিত সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে।
দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামকে অনুসন্ধান টিমের নেতৃত্ব দেওয়া হয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট অপর তিনজন হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
যেসব অভিযোগ অনুসন্ধানে
দুদক সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে ঘুষ গ্রহণ, অবৈধভাবে অর্থ উপার্জন ও মানিলন্ডারিংয়ের মতো অভিযোগ রয়েছে।
এ ছাড়া বিদেশে অর্থপাচার এবং অবৈধ বিটকয়েন লেনদেনের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগকারীদের পক্ষ থেকে চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও করা হয়েছে বলে জানা গেছে।
ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপের অভিযোগ
দুদক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠন ও কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে।
এ ছাড়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও অনুসন্ধানে এসেছে বলে সূত্র জানিয়েছে।
তবে এসব অভিযোগের কোনোটিই এখন পর্যন্ত প্রমাণিত নয়। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণের জন্যই দুদকের অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে অভিযোগের বিষয়ে কমিশন পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
প্রিন্ট










