চন্দ্রগঞ্জে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া হামিদিয়া দাখিল মাদরাসা, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়, চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়, মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে এবং সাবেক ছাত্রদল নেতা ও বেলজিয়াম শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন রাফির সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংসদ সদস্য ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপির নির্দেশক্রমে এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। ক্রীড়া সামগ্রী ও গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মো. সাখাওয়াত হোসেন রাফি বলেন, “লেখাপড়ার পাশাপাশি সামাজিক কার্যক্রম ও দেশ গঠনেও শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে। ভালো ফলাফল করার পাশাপাশি সবাইকে ভালো মানুষ হতে হবে। উপহার হিসেবে পাওয়া গাছগুলোর যত্ন নিতে হবে এবং সামাজিক যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড ও পরিবেশ সংরক্ষণে তাদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাহের ইসলাম জাহাঙ্গীর বলেন, “ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের জন্যও তাদের চাহিদা অনুযায়ী ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছিরুজ্জামান রাহাত, চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফ হোসেন জাবেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী সাহাদাত হোসেন মিঝি, ৫ নম্বর হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আবুল কালাম, সদস্য সচিব সম্রাট সাওদাগরসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রিন্ট













