সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
- আপডেট সময় ০৬:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ২৫৪১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রবিন শেখ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ছাত্রীর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন ভোরে সে প্রাইভেট পড়তে যায়। আজ ভোর ৬টার দিকে সে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়।
মহন্দী বাজারে পৌঁছালে মহন্দী গ্রামের হাজের শেখের ছেলে রবিন শেখ তাকে একটি দোকানের কাছে ডাকেন। ছাত্রীটি সেখানে গেলে রবিন তার হাত ধরে দোকানের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তার মা।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে ওই ছাত্রী রক্ষা পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন শেখকে আটক করে।
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রবিন শেখকে আটক করা হয়েছে। অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট






















