বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অপপ্রচার ঠেকাতে মাইজদীতে এমপি শাহজাহানের লিফলেট বিতরণ
- আপডেট সময় ০৯:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২৫১৭ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের আট মাসের উন্নয়নচিত্র তুলে ধরা এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে গুজব-অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নোয়াখালীর মাইজদীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে মাইজদী পৌর বাজার এলাকায় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে এসব লিফলেট তুলে দেন তিনি।
লিফলেট বিতরণ শেষে পৌর বাজারের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ শাহজাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ভুল সিদ্ধান্ত ও অপরিকল্পিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার কারণে বর্তমান বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। গত দেড় দশকে একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও জ্বালানি ও অর্থের সংস্থান নিয়ে যথাযথ পরিকল্পনা করা হয়নি। ফলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সে অনুযায়ী উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
অনুষ্ঠানে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের লোডশেডিং পরিস্থিতির চিত্র তুলে ধরেন বক্তারা। এ সময় বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য জানার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরণ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দিন, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহী পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ বি এম কলিম উল্যা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুঃখুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রিন্ট
















