চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা অফিস উদ্বোধন
- আপডেট সময় ০২:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৯২৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক উদ্বোধনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চন্দ্রগঞ্জ উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলমগীর চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান মিয়া, সভাপতি, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা, লক্ষ্মীপুর জেলা এবং অবসরপ্রাপ্ত কর্পোরাল মীর মো. নূর আলম, সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা শাখা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত পেটি অফিসার আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মানছুর আহম্মদ, উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল ইসলাম, উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইয়াসিন আরাফাত বাবুসহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিরা।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্যে সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলমগীর চৌধুরী বলেন, সংগঠনের মূল লক্ষ্য হলো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা।
বক্তারা বলেন, সশস্ত্র বাহিনী থেকে অবসর গ্রহণের পরও দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার থেকেই এ সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। সামাজিক উন্নয়ন, জনসচেতনতা সৃষ্টি এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. আবদুর রব বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তিনি অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংগঠনের সদস্যদের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে অতিথি ও সংগঠনের সদস্যদের মধ্যে পরিচয়পর্ব এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিতরা আশা প্রকাশ করেন, নতুন এ সংগঠনটি ভবিষ্যতে সামাজিক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখবে।
প্রিন্ট




















