চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
- আপডেট সময় ১২:০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ২৫৩০ বার পড়া হয়েছে
মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারের সামনে এ পথসভার আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রবের নেতৃত্বে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রাজিব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সোলায়মান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আলতাফ হোসাইন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন জাবেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।
পথসভায় বক্তারা মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের করণীয় নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবারের ভূমিকা জোরদার, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
পথসভা শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে র্যালিতে অংশ নেন। র্যালিটি চন্দ্রগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রিন্ট























