নোয়াখালীতে দোকানে অভিযান, ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার
- আপডেট সময় ১০:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫৩৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে একটি দোকানে অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দোকানের মালিক মো. মহিন উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টা ৫ মিনিটের দিকে উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা সিএনজি পাম্পসংলগ্ন একতা অটো সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় একতা অটো সেন্টারে তল্লাশি চালিয়ে ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা মদগুলো মো. মহিন উদ্দিনের মালিকানাধীন দোকান থেকে পাওয়া গেছে। তিনি বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মহিন উদ্দিনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
প্রিন্ট




















