১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার
- আপডেট সময় ১০:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ২৫৬০ বার পড়া হয়েছে
১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজানকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি ক্রাইম প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগ অভিযান পরিচালনা করছিল। এর অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় মিজানুর রহমান তাঁদের কাজে বাধা দেন এবং কর্মকর্তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদেরও আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
পরে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “বিদ্যুৎ বিভাগের অভিযানের সময় সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।”
উল্লেখ্য, ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান মিজানুর রহমান। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রিন্ট






















