সাতক্ষীরায় অসুস্থ গৃহবধূকে ধর্ষণের মামলায় নারীসহ আটক ২
- আপডেট সময় ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ২৫২১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে এক অসুস্থ গৃহবধূকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের দেবব্রত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস ওরফে অনুপ (৪০) এবং একই গ্রামের সত্যজিৎ হালদারের স্ত্রী শিপ্রা বিশ্বাস (৩৫)।
পুলিশ জানায়, তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক ও ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চিকিৎসা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে খুলনার কয়রা উপজেলার ঘুগরোকাঠি গ্রামের এক অসুস্থ গৃহবধূকে (৪০) গত ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার তালায় নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, সেখানে এক নারীর সহযোগিতায় রাজু ও অজ্ঞাতনামা এক যুবক ওই গৃহবধূকে চেতনানাশক মিশ্রিত খাবার খাওয়ানোর পর রাতে একাধিকবার ধর্ষণ করেন।
এ ঘটনায় পরদিন ১৪ আগস্ট ভুক্তভোগী নিজে বাদী হয়ে তালা থানায় রাজুসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক জানান, ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে মামলার এজাহারনামীয় আসামি রাজুসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুজনের নাম-পরিচয় শনাক্ত করা হয়। পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুপম বিশ্বাস ও শিপ্রা বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার অনুপম পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন তালতলা কমিউনিটি ক্লিনিকে কর্মরত এবং শিপ্রা বিশ্বাস মাহামুদকাঠি এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করেন।
গ্রেপ্তার দুজনকে রোববার (১৬ আগস্ট) আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রিন্ট























