বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমান, ডোনার ও ইসমাইল
- আপডেট সময় ০৪:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ২৫৪৫ বার পড়া হয়েছে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
আজ শনিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন মনোনীত সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ফরহাদ হালিম (ডোনার) একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. ইসমাইল জবিউল্লাহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূন্য হয়। এসব শূন্য পদে বিভিন্ন সময়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে বিএনপি।
এবার একসঙ্গে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো। এর ফলে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে অভিজ্ঞ কয়েকজন নেতা যুক্ত হলেন।
প্রিন্ট






















